English
Rizwan may lose captaincy — who will be Pakistan’s new ODI captain?
ঢাকা
১৯ অক্টোবর ২০২৫

নেতৃত্ব হারাতে পারেন রিজওয়ান, নতুন ওয়ানডে অধিনায়ক কে হবেন পাকিস্তানের?

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এখনো অধিনায়ক চূড়ান্ত করা হয়নি। এই ঘোষণার পর থেকেই মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্ব ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বছরের অক্টোবরে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে রিজওয়ানকে পাশে বসিয়ে তাঁকে নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু এক বছর না যেতেই সেই রিজওয়ান নেতৃত্ব হারানোর দ্বারপ্রান্তে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টির পর ওয়ানডের অধিনায়কত্বও হারাতে পারেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

বর্তমানে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর, আর ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। বর্তমানে পাকিস্তান তিন সংস্করণে তিন অধিনায়ক নিয়ে খেলছে—টেস্টে শান মাসুদ, টি-টোয়েন্টিতে সালমান আলী আগা এবং ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ান।

তবে পিসিবির সাম্প্রতিক বিবৃতি ইঙ্গিত দিচ্ছে, ওয়ানডেতে রিজওয়ানের নেতৃত্ব টিকছে না। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আগামী সোমবার প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচক কমিটি, যেখানে নতুন ওয়ানডে অধিনায়ক নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত বছর সীমিত ওভারের দুই ফরম্যাটে অধিনায়ক হলেও, নভেম্বর মাসেই টি-টোয়েন্টির নেতৃত্ব হারান রিজওয়ান। তাঁর অধিনায়কত্বে খেলা চার টি-টোয়েন্টিতেই পরাজিত হয় পাকিস্তান, এরপর তিনি দল থেকেও বাদ পড়েন। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে রিজওয়ানের শুরুটা ছিল দারুণ—অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল পাকিস্তান।

কিন্তু ২০২৫ সালে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। চলতি বছরে পাকিস্তান এখনো কোনো ওয়ানডে সিরিজ বা টুর্নামেন্ট জিততে পারেনি। ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে লজ্জাজনক ব্যর্থতা সমর্থকদের হতাশা আরও বাড়িয়েছে।

যদিও অধিনায়ক হওয়ার পর রিজওয়ানের ব্যাটিং গড় বেড়ে দাঁড়িয়েছে ৪১.৬৬, তবে ব্যক্তিগত পারফরম্যান্স দলের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। ফলে পিসিবি হয়তো তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন অধিনায়ক খুঁজছে।

এখন প্রশ্ন হলো—রিজওয়ানের পর কে হবেন পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক?
বোর্ডের ভেতরের আলোচনায় তিনটি নাম সবচেয়ে বেশি আলোচিত: বাবর আজম, শাহিন আফ্রিদি এবং সালমান আলী আগা

খেলাধুলা এর পাঠক প্রিয়