English
The child rape incident came to light after 13 days; the accused has been arrested.
ঢাকা / গাজীপুর / শ্রীপুর
১৯ অক্টোবর ২০২৫

১৩ দিন পর প্রকাশ্যে এলো শিশু ধর্ষণের ঘটনা, অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ হয়ে পড়ার পর গতকাল শনিবার শিশুটি তার মা-বাবাকে জানায় যে সে ১৩ দিন আগে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসামি বলরাম দাস (৫০)-কে পুলিশ গ্রেপ্তার করেছে।

বলরাম দাস শ্রীপুর উপজেলার বাসিন্দা এবং পেশায় নরসুন্দর। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ রোববার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, শিশুটির মা-বাবা স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। তারা কর্মস্থলে থাকার সময় গত ৫ অক্টোবর প্রতিবেশী বলরাম দাস মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। নির্যাতনের কথা তখন শিশুটি কাউকে জানায়নি। গতকাল শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে সে তার মা-বাবাকে নির্যাতনের ঘটনা জানায়। শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে পুলিশ বলরাম দাসকে গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গতকাল দুপুরে শিশুটির বাবার লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয় এবং অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।